
পাখির ঝুঁকি এড়াতে পাকিস্তানের লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন তিন ঘণ্টা করে ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৭০ দিন প্রতিদিন সকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে।
বুধবার দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) জানিয়েছে, বর্ষা মৌসুমে বিমানবন্দর ও এর আশপাশে পাখির চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিএএর এক বিবৃতিতে বলা হয়, বিশেষ করে তিন হাজার ফুটের নিচের আকাশসীমায় পাখির উপস্থিতি বেড়ে যাওয়ায় উড্ডয়ন ও অবতরণের সময় পাইলটদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে সম্ভাব্য বিলম্ব বা আকাশে অপেক্ষমাণ অবস্থার বিষয়টি বিবেচনায় রেখে বিমান সংস্থাগুলোকে অতিরিক্ত জ্বালানি বহনের পরামর্শও দেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন সকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত বিমানবন্দরের দুটি রানওয়ে বন্ধ থাকবে। তবে এই সময়ের বাইরে নির্ধারিত সব বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পিএএ আরও জানিয়েছে, কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রয়োজন অনুযায়ী রানওয়ে খুলে দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করতে নোটিশ টু এয়ারম্যান (নোটাম) জারি করা হয়েছে।
সংস্থাটি বলছে, যাত্রী ও এয়ারলাইনগুলোর ভোগান্তি যতটা সম্ভব কমিয়ে সর্বোচ্চ বিমান নিরাপত্তা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।