
রাজস্থানের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে একটি স্লিপার বাসের সঙ্গে ট্রেইলারের সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরগামী বাসটি রাত আড়াইটার দিকে দ্রুতগতিতে চলার সময় একটি ট্রেইলারের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পরপরই বাস ও ট্রেইলার দুটিতেই আগুন ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর বাসের ভেতরে আটকে পড়া যাত্রীরা চিৎকার করে সাহায্য চাইছিলেন। এ সময় উপরের বার্থে ঘুমিয়ে থাকা কয়েকজন যাত্রী ধাক্কার কারণে নিচে পড়ে যান।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন আগুনে দগ্ধ হয়ে এবং দুজন মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছেন। নিহতদের বেশিরভাগই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন।
খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। তাদের দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, বাসচালকের তন্দ্রাচ্ছন্ন অবস্থা অথবা অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। তাদের দাবি, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর উদ্ধার কার্যক্রম শুরু হয়। এছাড়া বাসের লাগেজ বগিতে বিপুল পরিমাণ সিগারেটের প্যাকেট ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হতে পারে বলে অভিযোগ উঠেছে।
প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছে।