
ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর উপকণ্ঠে একটি পাথর খনিতে বিশাল শিলা ধসে অন্তত সাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মাদাপাট্টানা গ্রামের একটি খনিতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রশানের তথ্য অনুযায়ী, একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন ওই খনিতে নিয়মিত খননকাজ চলছিল। এ সময় এক্সকাভেটরের সাহায্যে ওপরের অংশ থেকে মাটি ও পাথর সরানোর সময় হঠাৎ একটি বড় শিলা আলগা হয়ে নিচে কাজ করা শ্রমিকদের ওপর ভেঙে পড়ে।
দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও সাত শ্রমিকের প্রাণহানি ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুর্ঘটনার সময় খনিতে প্রায় ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। প্রায় ৪০ ফুট উঁচু স্থান থেকে বিশাল পাথরটি নিচে পড়ে শ্রমিকদের চাপা দেয়।
উদ্ধার অভিযান চলাকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। শিলা ধসের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত ও আহত শ্রমিকদের বেশিরভাগই মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বাসিন্দা। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। মাটির ক্ষয় ও ভৌগোলিক কারণে শিলাটি ধসে পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে খনিটি নিরাপত্তা বিধি মেনে পরিচালিত হচ্ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।
তদন্ত শেষে প্রয়োজন হলে পাথর খনির নিরাপত্তা ব্যবস্থাপনায় নতুন নির্দেশিকা জারি করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।