
দক্ষিণ লেবাননের বিনত জেবাইল এলাকায় সামরিক অভিযান চালানোর সময় সশস্ত্র সংঘর্ষে তিন ইসরাইলি সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
শুক্রবার লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইসরাইলি আর্মি রেডিওর বরাতে জানা যায়, ইসরাইলি বাহিনীর ৬৭৯তম ব্রিগেডের (ইফতাহ) একটি ইউনিট বিনত জেবাইলের একটি ভবনে প্রবেশ করলে সেখানে অবস্থানরত এক বন্দুকধারীর সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিন সেনা আহত হন, যাদের একজনের শারীরিক অবস্থা গুরুতর।
ঘটনার পর ইসরাইলি যুদ্ধবিমান সংশ্লিষ্ট ভবনটিকে লক্ষ্য করে হামলা চালায়। পাশাপাশি এলাকাজুড়ে তল্লাশি অভিযানও পরিচালনা করা হয়। তবে অভিযানের পরও হামলায় জড়িত যোদ্ধার অবস্থান শনাক্ত করতে পারেনি ইসরাইলি বাহিনী।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও আঞ্চলিক সমঝোতা কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে।
এর আগে সোমবার আইতা আল-শাব এলাকায় ইসরাইলি কমান্ডো ব্রিগেডের উপ-কমান্ডারের ফিল্ড কমান্ড পোস্ট লক্ষ্য করে বিস্ফোরক হামলায় দুই রিজার্ভ সেনা আহত হন। তাদের একজনের অবস্থাও গুরুতর বলে জানানো হয়।
এরও একদিন আগে দেইর সেরিয়ান এলাকায় ভোররাতের সংঘর্ষে এক হামলায় ইসরাইলের গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের এক ক্যাপ্টেন নিহত হন। একই ঘটনায় আরও একজন সেনা আহত হন।
ইসরাইলের চ্যানেল ১২-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৭ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত লেবাননে ইসরাইলি বাহিনী মোট ৬৩৭টি সামরিক অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে ৪৪০টি অভিযান চালানো হয়েছে তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর ভেতরে এবং ১৮৭টি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে।