 প্রবে.webp)
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) চলতি বছরে ভিসা ও আবাসনসংক্রান্ত নীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। অন-অ্যারাইভাল ভিসার সুবিধা সম্প্রসারণ, দ্রুত পর্যটক ভিসা অনুমোদন, বিনিয়োগকারীদের আবাসিক ভিসার নতুন শর্ত এবং চিকিৎসা ভিসা চালুর মতো উদ্যোগগুলো প্রবাসী ও বিদেশি নাগরিকদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির ফেডারেল কর্তৃপক্ষ অন-অ্যারাইভাল ভিসা সুবিধা আরও কয়েকটি দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত করেছে। আগে নির্দিষ্ট শর্ত পূরণকারী ভারতীয় নাগরিকরা এই সুবিধা পেলেও এখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও ১৪ ও ৬০ দিনের অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন।
পর্যটকদের জন্যও সুখবর দিয়েছে আমিরাত। অনুমোদিত ট্রাভেল এজেন্সি বা পর্যটন অফিসের মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের একবার প্রবেশযোগ্য পর্যটক ভিসা এখন ৪৮ ঘণ্টার মধ্যেই অনুমোদনের সুযোগ থাকবে।
এদিকে, দুবাইয়ে সম্পত্তির ভিত্তিতে দুই বছরের আবাসিক ভিসা পাওয়ার নিয়মেও পরিবর্তন এসেছে। আগে একক মালিকানার সম্পত্তির ক্ষেত্রে ন্যূনতম ৭ লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের সম্পত্তি থাকার শর্ত থাকলেও তা বাতিল করা হয়েছে। তবে আবেদনকারীকে সম্পত্তির একক মালিক হতে হবে।
অন্যদিকে, যৌথ মালিকানার ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর অংশের মূল্য কমপক্ষে ৪ লাখ দিরহাম হতে হবে। মালিকানার অংশ সমানভাবে ভাগ করা হলেও এই শর্ত প্রযোজ্য থাকবে।
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও বিমান চলাচলে বিঘ্নের কারণে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা কিছু দর্শনার্থীকে জরিমানা ছাড়াই অতিরিক্ত ৩০ দিনের সুযোগ দিয়েছে আমিরাত সরকার। তবে সংশ্লিষ্টদের আগামী ৯ জুলাইয়ের মধ্যে ভিসার অবস্থা নিয়মিত করা অথবা দেশ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিকিৎসা খাতেও নতুন উদ্যোগ নিয়েছে দেশটি। বিদেশি রোগীদের জন্য ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দুবাইয়ের অভিবাসন ও পরিচয় কর্তৃপক্ষ এবং দুবাই হেলথ অথরিটির মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
নতুন এই ব্যবস্থার আওতায় রোগীদের ভিসা, আবাসন ও চিকিৎসাসেবাকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনা হবে, যাতে বিদেশ থেকে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের পুরো প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হয়।
অন্যদিকে, ইবোলা ভাইরাসের ঝুঁকি বিবেচনায় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে আমিরাত। গত ৬ জুন থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে বাড়ানো হতে পারে।