
কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ গোল করেছেন লিসান্দ্রো মার্টিনেজ। তবে মাঠে তার এই প্রত্যাবর্তনের গল্পের পেছনে রয়েছে কঠিন এক সময়, যখন গুরুতর চোটের ধাক্কায় ফুটবল ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন এই ডিফেন্ডার।
সম্প্রতি নিজের সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে মার্টিনেজ জানান, গত বছর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
তিনি বলেন, “গত বছর এসিএল ইনজুরিতে পড়ার পর আমি ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলাম। আমি আর কষ্ট পেতে চাইনি!”
ক্যারিয়ারে এর আগেও একাধিকবার চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে আর্জেন্টাইন এই সেন্টার ব্যাককে। বিশেষ করে পায়ের পঞ্চম মেটাটারসাল হাড়ে চিড় ধরার মতো কঠিন অভিজ্ঞতাও ছিল তার। তবে এসিএল ইনজুরির ধাক্কাকে সবচেয়ে ভয়াবহ বলে মনে করেন তিনি।
মার্টিনেজ বলেন, “আমি এর আগেও পায়ে অন্যান্য ইনজুরির শিকার হয়েছিলাম, যখন আমার পঞ্চম মেটাটারসাল হাড়েও চিড় ধরেছিল। কিন্তু সত্যি বলতে, এটাই ছিল সবচেয়ে ভয়াবহ।”
দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা, পুনর্বাসনের কঠিন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে সময়টা তার জন্য ছিল বড় ধরনের মানসিক ও শারীরিক পরীক্ষা। তবে অবসরের চিন্তা মাথায় এলেও শেষ পর্যন্ত হাল ছাড়েননি এই আর্জেন্টাইন তারকা।
সেই লড়াইয়ের ফল এখন দেখা যাচ্ছে মাঠেও। বিশ্বকাপের মঞ্চে দলের হয়ে গোল করে আবারও নিজের গুরুত্ব প্রমাণ করেছেন মার্টিনেজ।