
রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে। দলটির অভিযোগ, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। তবে এ বিষয়ে বিএনপির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
শনিবার (৪ জুলাই) বিকেলে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। হামলার পর থেকে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জামায়াতের নেতাকর্মীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
জামায়াতের ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গুলিস্তান এলাকায় বিএনপির কিছু নেতাকর্মী চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত। সম্প্রতি তারা একটি মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে সেটি তালাবদ্ধ করার চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধে জামায়াতের নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়ান।
তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে শনিবার ফুলবাড়িয়ায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা অংশ নিলে বিএনপির কর্মীরা অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।