
লিওনেল মেসি মানেই নতুন রেকর্ড কিংবা নতুন আলোচনার জন্ম। তবে এবার মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এক নারী সাংবাদিককে শুভেচ্ছা জানিয়ে চুমু দেওয়া এবং তার উদ্দেশে করা রসিক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।
মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ের পর মিক্সড জোন দিয়ে যাওয়ার সময় আর্জেন্টিনা অধিনায়কের সঙ্গে দেখা হয় সাংবাদিক সোফি মার্তিনেসের। দেখা হওয়ার পর আর্জেন্টিনার প্রচলিত রীতিতে তাকে চুমু দিয়ে শুভেচ্ছা জানান বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
এরপর হাস্যরসের সুরে মেসি বলেন, ‘তোমার দিকে যদি তাকাই, তা শুধু তোমার জন্যই। তোমাকে যদি শুভেচ্ছা জানাই, সেটা শুধু তোমার জন্যই।’
রোমাঞ্চকর এই ম্যাচে আর্জেন্টিনার দুটি গোল করেন লিওনেল মেসি ও লিসান্দ্রো মার্তিনেস। ম্যাচের ২৯তম মিনিটে মার্তিনেসের পাস থেকে গোল করেন মেসি। আর যোগ করা সময়ের ৯২তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন মার্তিনেস। কেপ ভার্দের হয়ে ৫৯ ও ১০৩ মিনিটে গোল করেন যথাক্রমে দেরয় দুয়ার্তে এবং সিদনি লোপেস কাবরাল।
এই জয়ের ম্যাচেও একাধিক রেকর্ডের সঙ্গে নিজের নাম যুক্ত করেছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় দিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগও তৈরি হয়েছিল তার সামনে। ম্যারাডোনার বিশ্বকাপে অ্যাসিস্ট ছিল আটটি।
ম্যাচের ১১১তম মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোর নামে যে গোলটি প্রথমে গণনা করা হয়েছিল, পরে সেটিকে কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্জেসের আত্মঘাতী গোল হিসেবে নথিভুক্ত করা হয়। ফলে সম্ভাব্য সেই অ্যাসিস্টটি আর মেসির নামের পাশে যোগ হয়নি এবং বিশ্বকাপে তার অ্যাসিস্ট সংখ্যা ৯-এ উন্নীত হওয়ার সুযোগ হাতছাড়া হয়।
এদিকে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাদের পরবর্তী প্রতিপক্ষ মিসর। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর।