
ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি নেইমারের এই অসন্তোষটি। তবে অভিজ্ঞ এই ফরোয়ার্ড পরিস্থিতি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সামাল দিচ্ছেন বলে জানিয়েছেন, বিশ্বকাপে প্রত্যাশামতো খেলতে না পাওয়া এবং নিজের পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট নন নেইমার। কোচের মতে, নেইমারের ইতিবাচক মনোভাব পুরো দলের ওপরও ভালো প্রভাব ফেলছে।
ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেললেও এবার এখন পর্যন্ত মাঠে নেমেছেন মাত্র এক ম্যাচে। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে শেষ ১৪ মিনিট বদলি হিসেবে খেলেন ৩৪ বছর বয়সী এই তারকা।
রোববার মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও শুরুর একাদশে নয়, বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করার কথা রয়েছে তার।
ব্রাজিলিয়ান সংবাদপত্র ফোলহা ডি সাও পাওলো-কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘নেইমার মোটেই সন্তুষ্ট নয়। কিন্তু সে শান্ত আছে। অনুশীলনেও ভালো করছে। নেইমার সতীর্থদের কাছে খুবই শ্রদ্ধার একজন খেলোয়াড়। সবাই তাকে অনেক ভালোবাসে। দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দলে নেইমারের প্রভাব অপরিসীম। ব্যক্তি হিসেবেও নেইমার অসাধারণ। তাকে দলে পেয়ে আমি দারুণ খুশী। অবশ্যই প্রতি ম্যাচেই সে খেলতে চায়।’
ডান পায়ের কাফ পেশির চোট নিয়েই এবারের বিশ্বকাপে অংশ নিয়েছেন নেইমার। যদিও তিনি মাঠে নামার জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন, তবু তার পূর্ণ ম্যাচ ফিটনেস নিয়ে এখনো কিছুটা সতর্ক ব্রাজিল টিম ম্যানেজমেন্ট।
এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে নেইমার খেলার জন্য প্রস্তুত। তবে কেউই জানেনা কতক্ষণ সে খেলতে পারবে। ম্যাচের ছন্দ ধরে রাখার মতো অভিজ্ঞতা তার রয়েছে। দলে যখনই তার প্রয়োজন হবে আমি তাকে মাঠে পাঠাবো।’
নরওয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অতীত পরিসংখ্যানও ব্রাজিলের জন্য স্বস্তিদায়ক নয়। দুই দলের চারটি পূর্ববর্তী দেখায় দুটি ম্যাচে হেরেছে এবং দুটি ড্র করেছে সেলেসাওরা। অর্থাৎ, এখনো নরওয়ের বিপক্ষে জয়ের মুখ দেখেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পাশাপাশি ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর নকআউট পর্বে কোনো ইউরোপীয় প্রতিপক্ষকেও হারাতে পারেনি ব্রাজিল।
তবে এসব পরিসংখ্যানকে গুরুত্ব দিলেও দল প্রস্তুত বলে জানিয়েছেন আনচেলত্তি। তার ভাষায়, ‘নরওয়ের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। কিন্তু একটি ভালো ম্যাচ উপহার দেবার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। রক্ষণভাগে নরওয়ে বেশ গোছানো একটি দল। আমরা সবকিছুর জন্যই প্রস্তুতি নিয়েছি। হয়তো আমরা গোল হজম করতে পারি, কিন্তু তার থেকে বেরিয়ে আসার কৌশলও আমরা জানি।’