.jpeg)
বিগত সরকারের বিভিন্ন বিতর্কিত ও নিষিদ্ধ কার্যক্রমের কারণে আওয়ামী লীগ এ দেশে আর কখনোই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, দলটির রাজনৈতিক পতন চূড়ান্ত এবং এ দেশে তাদের রাজনৈতিক অধ্যায় চিরতরে সমাপ্ত হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত চলমান 'জুলাই জাতীয় সম্মেলন'-এ অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বিগত জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে পর্দার অন্তরালের কিছু তথ্য ভাগ করে নেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "সে সময় তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করে অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হই। এটা পর্দার অন্তরালের কথা।"
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সবাইকে ঐক্যবদ্ধ ও সহনশীল থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, "আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির প্রত্যাশা অনেক। অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।"
বক্তব্যের এক পর্যায়ে আওয়ামী লীগের বর্তমান অবস্থানের তীব্র সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, দলটির পলাতক নেতাকর্মীরা এখন দেশের বাইরে আশ্রয় নিয়ে একটি গণতান্ত্রিক দলের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে। তারা এ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিকভাবে তাদের দাফন হয়ে গেছে।"
তিনি আরও যোগ করেন, খুব দ্রুতই বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অপরাধে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে দেশের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
সবশেষে জুলাই বিপ্লবের আদর্শ ধরে রাখার তাগিদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করি, চেতনা বিক্রি ভালো নয়। যারা চেতনা ব্যবসা করবে তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে৷"