
সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলি সামরিক অনুপ্রবেশ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান দেখানো আন্তর্জাতিক আইনের অপরিহার্য শর্ত।
শনিবার (২৬ জুলাই) নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘১৯৭৪ সালের বলপ্রয়োগ নিরসন চুক্তি লঙ্ঘন করছে ইসরাইল। ইসরাইলের এ ধরনের লঙ্ঘন পুরোপুরি গ্রহণযোগ্য নয় এবং এটি অবশ্যই বন্ধ হতে হবে।’
জাতিসংঘ মহাসচিব জোর দিয়ে বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। এসব নীতির প্রতি সম্মান প্রদর্শন নিশ্চিত করতে হবে।
১৯৭৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর উভয় পক্ষের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত বলপ্রয়োগ নিরসন চুক্তির কথাও স্মরণ করিয়ে দেন গুতেরেস। তার মতে, বর্তমান পরিস্থিতিতে সেই চুক্তি লঙ্ঘন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন উদ্বেগ তৈরি করছে।
১৭ বছরের মধ্যে এই প্রথম কোনো জাতিসংঘ মহাসচিব সরকারি সফরে সিরিয়ায় অবস্থান করছেন। সফর চলাকালেই ইসরাইলের সামরিক তৎপরতা নিয়ে তার এই কঠোর অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গুরুত্ব পেয়েছে।
উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর থেকেই সিরিয়ার গোলান মালভূমি দখলে রেখেছে ইসরাইল। পরে ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎস গোলান মালভূমির বাফার জোনের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দেন। এরপর থেকেই অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা বাড়তে থাকে।