
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হামলায় একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ উল্লেখ করে তেহরানে ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (২৫ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর খবরে বলা হয়, তেহরানের দাবি অনুযায়ী ইউক্রেনের নেতৃত্ব হামলার বিষয়টি স্বীকার করেছে। ইরানের অভিযোগ, কিয়েভের ‘অযৌক্তিক ও বৈরী নীতির’ ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে। একই সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
ইরানের দাবি, কাস্পিয়ান সাগরে এ হামলা জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের লঙ্ঘন। পাশাপাশি এ ঘটনায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলেও উল্লেখ করেছে দেশটি।
ঘটনার পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর প্রতিক্রিয়া দাবি করেছেন। একই সঙ্গে হামলার জন্য দায়ীদের এবং তাদের সমর্থকদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, কাস্পিয়ান সাগরে পরিচালিত দূরপাল্লার হামলায় ইউক্রেন ‘খুব শক্তিশালী ফলাফল’ অর্জন করেছে। তার ভাষ্য, ইরান-সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজ এবং একটি যুদ্ধজাহাজে সফলভাবে আঘাত হানা হয়েছে। তবে ইরানের দাবি করা বাণিজ্যিক জাহাজটির নাম তিনি উল্লেখ করেননি।
জেলেনস্কি আরও অভিযোগ করেন, রাশিয়া উপসাগরীয় দেশগুলো এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর স্যাটেলাইট চিত্র ইরানকে সরবরাহ করছে। তার দাবি, ১৯ ও ২০ জুলাই বাহরাইন, জর্ডান ও কুয়েতের কয়েকটি বিমানঘাঁটি পর্যবেক্ষণ করা হয়েছে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করে আসছে বলে অভিযোগ রয়েছে। ইউক্রেনের দাবি, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৪৪ হাজারের বেশি ইরানি নকশার ড্রোন ভূপাতিত করেছে তারা।
তথ্যসূত্র: আইআরএনএ, রয়টার্স