
২০২৬ বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে ক্লাব ফুটবলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিলিয়ান সিরি ‘আ’ লিগে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে সান্তোসের ২-২ গোলের ড্রয়ে দলের দুই গোলই করেছেন তিনি। ম্যাচজুড়ে আক্রমণভাগে দাপট দেখিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন এই ফরোয়ার্ড।
উরবানো ক্যালডেরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন নেইমার। পুরো ম্যাচে তিনি ৯টি শট নেন, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। গোল করার পাশাপাশি একাধিক সুযোগও তৈরি করে দেন সতীর্থদের জন্য।
ম্যাচের ৩৬তম মিনিটে আলভারো বাররিয়ালের সঙ্গে দারুণ ওয়ান-টু পাস আদান-প্রদানের পর নিখুঁত ফিনিশে প্রথম গোল করেন নেইমার। তবে গোলের চেয়েও বেশি আলোচনায় আসে তার উদযাপন। পরিচিত মুখভঙ্গির পর তিনি পোকার খেলার প্রতীকী একটি হাতের ভঙ্গি প্রদর্শন করেন।
ম্যাচের ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা। তবে শেষ মুহূর্তে প্রতিপক্ষের সমতায় জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি সান্তোস। ২-২ গোলের ড্র নিয়েই শেষ হয় ম্যাচ।
নেইমারের এই গোল উদযাপনকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি কোপা সুদামেরিকানার একটি ম্যাচে সান্তোসের দলে ছিলেন না তিনি। সেই সময় ছুটির দিনে সাও পাওলোতে অনুষ্ঠিত ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপ ‘বিএসওপি উইন্টার’-এর একটি পর্বে অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সমালোচনারও জবাব দেন তিনি।
বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই জোড়া গোল এবং বিতর্কিত উদযাপনের মাধ্যমে নেইমার আবারও ফুটবল অঙ্গনের আলোচনার কেন্দ্রে উঠে এলেন।