
বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থতার পর জার্মানি জাতীয় ফুটবল দলে শুরু হলো নতুন অধ্যায়। জুলিয়ান নাগেলসম্যানের বিদায়ের পর দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন অভিজ্ঞ কোচ ইয়ুর্গেন ক্লপ।
শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) জানায়, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জার্মানি জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়ুর্গেন ক্লপ।
নতুন দায়িত্ব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ক্লপ বলেন, ‘জাতীয় দল আমাদের জার্মানদের যেভাবে এক সুতোয় বেঁধে রাখে, তা আর অন্য কিছু দিয়ে সম্ভব নয়। আর এ বিষয়টিই এই দায়িত্বকে আমার কাছে এতটা বিশেষ করে তুলেছে।’
তিনি আরও জানান, জাতীয় দলের দায়িত্ব গ্রহণের বিষয়ে আলোচনার সময় তিনি উপলব্ধি করেছেন যে, কোচিং থেকে বিরতির পর তিনি আবারও নতুন উদ্যমে কাজ করার মতো শক্তি ফিরে পেয়েছেন।
২০২৪ সালে লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর কোচিং থেকে বিরত ছিলেন ক্লপ। এবার জার্মানির দায়িত্ব নিয়েই ব্যস্ত সূচির মুখোমুখি হচ্ছেন তিনি। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত মাত্র ১১ দিনের ব্যবধানে উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডস, গ্রিস ও সার্বিয়ার বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তার দল।
লিভারপুলকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতানো ক্লপ ২০২৫ সালের জানুয়ারিতে রেড বুলের ‘হেড অব সকার’ পদে যোগ দেন। সর্বশেষ বিশ্বকাপ চলাকালে তিনি ম্যাজেন্টা টিভির বিশ্লেষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবারের আসরে নকআউট পর্বে জায়গা করে নেয় জার্মানি। তবে শেষ ৩২-এর ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে শেষ হয়ে যায় তাদের বিশ্বকাপ অভিযান। এরপরই প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান জুলিয়ান নাগেলসম্যান।
নাগেলসম্যানের অধীনে তিন বছর খেলেছে জার্মানি। এ সময়ে দলের সর্বোচ্চ সাফল্য ছিল ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ওঠা। ওই আসরে স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল জার্মানদের।