
২০২৬ বিশ্বকাপ শেষ হলেও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ মহাতারকার জাতীয় দলের ক্যারিয়ারের শেষ অধ্যায় খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে নিজ দেশের মাটিতেই জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলতে পারেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের পর অনেকেই ধারণা করেছিলেন পর্তুগালের বিদায়ের পরপরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো। কিন্তু এ বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। তবু তার অবসরের সম্ভাবনা নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা তুঙ্গে।
খবরে আরও বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচটি হতে পারে পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। লিসবনের স্পোর্টিংয়ের স্টেডিও হোসে আলভালাদেতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই ম্যাচ।
এদিকে সম্প্রতি দায়িত্ব নেওয়া পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ হোর্হে জেসুস দল পুনর্গঠনে তাড়াহুড়া করতে চান না। বরং দেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে সম্মানজনক বিদায়ের সুযোগ করে দেওয়ার পক্ষেই অবস্থান তার।
আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ২৩৩টি ম্যাচ খেলার পাশাপাশি সর্বোচ্চ ১৪৬ গোলের রেকর্ডও রোনালদোর দখলে। জাতীয় দলের হয়ে তিনি ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ জয়ের স্বাদ পেয়েছেন।