
প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনের দাবি পূরণ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেছেন, আন্দোলনের এই সাফল্য শেষ নয়, বরং এটি দীর্ঘ পথচলার সূচনা।
রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে আন্দোলনের অভিজ্ঞতা, বর্তমান পরিস্থিতি এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। সকালে ঘুম থেকে উঠে আর ভাবতে হয় না, এরপর কী করব বা সন্ধ্যা পর্যন্ত কী ঘটবে।’
টানা ৩৭ দিনের আন্দোলনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘পুরো সময়টা সত্যিই খুব কঠিন ছিল।’ তবে আন্দোলন সফল হওয়ায় এখন আর আগের মতো অনিশ্চয়তা বা আতঙ্ক নেই বলেও উল্লেখ করেন তিনি।
সমর্থকদের উদ্দেশে অভিজিৎ দীপকে বলেন, ‘এই সাফল্যই শেষ নয়। এটা তো সবে শুরু। ককরোচ জনতা পার্টির এখনও অনেক দূর পথ পাড়ি দিতে হবে।’
প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে রাজধানীর জন্তর মন্তরে টানা আন্দোলন গড়ে তোলে সিজেপি। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার পর দলটি কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়।
ভিডিও বার্তায় দীপকে জানান, আন্দোলনের শেষদিকে টাইফয়েড ও জ্বরে আক্রান্ত থাকায় জন্তর মন্তরে উপস্থিত সমর্থকদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে পারেননি।
তিনি বলেন, ‘যারা ৩৭ দিন ধরে জন্তর মন্তরে ছিলেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আপনারা দেশের জন্য যা করেছেন, আমি সত্যিই তার প্রশংসা করি।’
উল্লেখ্য, ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে ব্যঙ্গ করে গত মে মাসে অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি গঠন করেন। পরবর্তীতে দলটি প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
তথ্যসূত্র: এনডিটিভি