
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের আবাসিক এলাকার কাছে একটি ড্রোন উদ্ধারের ঘটনায় নিরাপত্তা মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিক তদন্তে ড্রোনটি স্থানীয় এক কিশোরের বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় অধিকৃত পশ্চিম তীরের হেবরনের কাছে কিরিয়াত আরবার গিভাত হাআভোট এলাকা থেকে ড্রোনটি উদ্ধার করা হয়। পরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেটি জব্দ করে কারিগরি পরীক্ষার জন্য নিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এক সামরিক সূত্র জানিয়েছে, এটি ছোট আকারের একটি ড্রোন। তবে এটি বেন-গভিরের বাড়ির সামনে নয়, বরং তিনি যে আবাসিক এলাকায় বসবাস করেন, সেখান থেকেই উদ্ধার করা হয়েছে।
ঘটনার কিছু সময় পর ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, প্রাথমিক তদন্তে ড্রোনটি ওই এলাকার এক কিশোরের বলে শনাক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার ড্রোনটির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ওই এলাকায় পড়ে যায়।
ড্রোন উদ্ধারের ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ গত সেপ্টেম্বরে বেন-গভিরকে হত্যার কথিত ষড়যন্ত্রের অভিযোগে হেবরনের কয়েকজন বাসিন্দাকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ও পুলিশ।
তদন্তসংশ্লিষ্টদের দাবি ছিল, সন্দেহভাজনরা তুরস্কভিত্তিক হামাস-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অর্থ নিয়ে প্রায় ২ হাজার মার্কিন ডলার ব্যয়ে দুটি ড্রোন ও একটি ল্যাপটপ সংগ্রহ করে। পরে ড্রোনে বিস্ফোরক সংযুক্ত করে ইহুদি ধর্মীয় উৎসবের সময় হেবরনের ইব্রাহিমি মসজিদ সফরকালে বেন-গভিরকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হয়েছিল। এ উদ্দেশ্যে তার সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমও পর্যবেক্ষণ করা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি।
তবে শনিবার উদ্ধার হওয়া ড্রোনটির সঙ্গে সেই কথিত হত্যাচক্রান্তের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। ড্রোনটির উৎস, কীভাবে এটি সেখানে পৌঁছেছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।