
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে ওয়াশিংটনের হোয়াইট হাউসে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানকে ঘিরে চলমান উত্তেজনা, লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হিসেবে রয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ওভাল অফিসে অনুষ্ঠিত এ বৈঠকটি গত ফেব্রুয়ারিতে ইরানকে কেন্দ্র করে সংঘাত শুরুর পর ট্রাম্প ও নেতানিয়াহুর প্রথম মুখোমুখি বৈঠক। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকলেও এটি প্রথম উচ্চপর্যায়ের সরাসরি আলোচনা।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান, হিজবুল্লাহকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ উদ্যোগ নিয়েও দুই নেতা মতবিনিময় করতে পারেন।
এ সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু। একই সময়ে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং সংঘাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকের মতে, বৈঠকের ফলাফল মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
এরই মধ্যে কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক হামলা বন্ধ রয়েছে। মধ্যস্থতাকারীদের উদ্যোগে দুই পক্ষের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা গেছে। ট্রাম্পও সাম্প্রতিক এক বক্তব্যে ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করেছেন, যদিও প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও পুনর্ব্যক্ত করেছেন।
তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স