
বহিরাগত কোনো শক্তি নয়, ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবেন দেশটির জনগণই—এমন বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপ, সংঘাত ও প্রতিকূলতার মধ্যেও দৃঢ় অবস্থান ধরে রাখায় ইরানি জনগণকে ‘বীর’ বলে অভিহিত করেছেন তিনি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি বলেন, দীর্ঘদিনের যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ধারাবাহিক বৈরী পরিস্থিতির মধ্যেও ইরানের জনগণ দেশের প্রতি তাদের অটুট সমর্থন এবং দৃঢ় মনোবল ধরে রেখেছেন।
বর্তমান উত্তেজনার প্রেক্ষাপট তুলে ধরে পেজেশকিয়ান উল্লেখ করেন, ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনাই চলমান সংকটের সূচনা করে।
উল্লেখ্য, সে সময় প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে অবস্থান করছিলেন ইসমাইল হানিয়া।
ইরানি প্রেসিডেন্ট বলেন, ওই ঘটনার পর থেকে দেশটি প্রকাশ্য সংঘাত, কঠোর সামাজিক ও অর্থনৈতিক চাপ এবং প্রতিপক্ষের ধারাবাহিক শত্রুতার মুখোমুখি হয়েছে। তবে সব প্রতিকূলতার মধ্যেও সাধারণ মানুষ দেশের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তুলেছেন।
বার্তার শেষাংশে তিনি আবারও জোর দিয়ে বলেন, ‘ইরানের ভবিষ্যৎ কী হবে, তা অন্য কোনো শক্তি নয়—ইরানের জনগণই গড়ে তুলবেন।’