
ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, এ বিষয়ে দুজন নেতার মধ্যে ফোনালাপও হয়েছে।
অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন সৌদি আরবের ডি ফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় তিনি ইরান পরিস্থিতি নিয়ে রিয়াদের উদ্বেগের কথা মার্কিন প্রেসিডেন্টকে জানান।
দুই মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন ও বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা সম্পর্কে ট্রাম্পের কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা ও স্পষ্ট ধারণা জানতে চান সৌদি যুবরাজ।
একই আলোচনায় সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকে সরে এসে কূটনৈতিক সমাধানের পথ বিবেচনা করার আহ্বানও জানান মোহাম্মদ বিন সালমান। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের বিরুদ্ধে বড় আকারের হামলার পরিকল্পনা পুনর্বিবেচনার জন্য তিনি ট্রাম্পকে এক ধাপ পিছিয়ে আসার অনুরোধ জানান।