
গাজায় হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে না দেওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী সেখানে অবস্থান অব্যাহত রাখবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি বলেছেন, সেনা প্রত্যাহারের প্রশ্ন হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
শাফাক নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু জানান, হামাসকে নিরস্ত্র করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি প্রস্তাব দিয়েছে। তবে সেই খসড়া সরাসরি গ্রহণ না করে তাতে নিজেদের মতামত ও প্রয়োজনীয় সংশোধনী যুক্ত করে জমা দিয়েছে ইসরায়েল।
নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনাবাহিনীকে নিজেদের সদস্য, দেশের ভূখণ্ড এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো চুক্তিই সেনাবাহিনীকে সম্ভাব্য হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা দিতে পারবে না।
এদিকে গত সপ্তাহে হামাস এবং গাজার অন্যান্য ফিলিস্তিনি সংগঠন একটি খসড়া কাঠামোয় সম্মতি জানায়। প্রস্তাবটিতে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার, গাজার পুনর্গঠন এবং রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্রের নিয়ন্ত্রণ হস্তান্তরের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
তবে ওই প্রস্তাবের বিরোধিতা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। তিনি গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পাশাপাশি সেখানকার জনগণের স্থানান্তরকে উৎসাহিত করার পক্ষে মত দিয়েছেন। তার দাবি, সামরিক অভিযান বন্ধ হলে হামাস পুনরায় নিজেদের শক্তি পুনর্গঠন করার সুযোগ পাবে।