
অন্যায়ের বিরুদ্ধে গোটা জাতির সম্মিলিত শক্তির স্মারক হিসেবে জুলাইকে উল্লেখ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ইতিহাসে জুলাই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার শক্তির কথা বারবার স্মরণ করিয়ে দেয়।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আন্দোলনে আহত, দৃষ্টিশক্তি হারানো এবং স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী জুলাই। আমাদের স্মৃতিতে জুলাই দীর্ঘ, ৩৬ দিনে মাস। জুলাইয়ে আমরা আবারও স্মরণ করি কী ভীষণ শক্তি নিয়ে এ জাতি ঐক্যবদ্ধ হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে।’
ড. ইউনূস বলেন, জুলাই কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর আন্দোলন নয়; এটি দেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত সংগ্রাম। তার ভাষ্য অনুযায়ী, স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আলোকচিত্রী, পথচারী, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী এবং সাংস্কৃতিক কর্মীরা এ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি আরও বলেন, রিকশাচালক, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন পেশার নাগরিক নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনে অংশ নিয়েছেন। যুদ্ধ পরিস্থিতির মতো ঝুঁকিপূর্ণ পরিবেশেও চিকিৎসকেরা আহতদের জীবন রক্ষায় নিরলস কাজ করেছেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।
বিবৃতিতে জুলাই আন্দোলনে নারীদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন ড. ইউনূস। তিনি বলেন, নারীদের এই সাহসিকতা ভবিষ্যৎ প্রজন্মের নারীদের অনুপ্রাণিত করবে। একইভাবে শিক্ষার্থীদের নেতৃত্ব আগামী দিনের তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা তুলে ধরে তিনি বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হলে সবচেয়ে শক্তিশালী ও দুর্ভেদ্য মনে হওয়া কাঠামোকেও পরিবর্তন করা সম্ভব। গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি জাতিকে ঐক্যবদ্ধ থেকে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।