
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধসে পড়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স। উদ্ধার হওয়া ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে সংস্থাটি।
চার দিন ধরে অভিযান চালানোর পর শনিবার (৮ আগস্ট) গাজা সিটির পশ্চিমাঞ্চলের কারাম ভবনের ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার কার্যক্রমের দায়িত্বে থাকা মোহাম্মদ আবু দান জানান, টানা চার দিনের তল্লাশি শেষে কারাম ভবনে উদ্ধার অভিযান শেষ হয়েছে। এরপর বিশেষায়িত চিকিৎসাকর্মী ও সিভিল ডিফেন্সের সদস্যরা গাজা সিটির অন্য একটি এলাকায় গিয়ে অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করবেন।
সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, ইসরায়েলি হামলায় ধসে পড়া ভবনের ভারী কংক্রিটের স্ল্যাব সরানোর জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি তাদের কাছে নেই। ফলে সীমিত সরঞ্জাম ও কায়িক শ্রমের ওপর নির্ভর করেই উদ্ধার অভিযান চালাতে হচ্ছে তাদের।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, উপত্যকাজুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও ৮ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ২৫৪ জন নিহত এবং ৪ হাজার ১২১ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপ থেকে ৮০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সংঘাত শুরুর পর মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ৩০০ ছাড়িয়েছে। এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।