
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। এতে ৮৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট তীব্র শারীরিক যন্ত্রণা ভোগ করছেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।
শনিবার (৮ আগস্ট) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান হান্টার। তিনি বলেন, ক্যানসার শরীরের বিভিন্ন দূরবর্তী অংশে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।
হান্টার বাইডেন বলেন, 'বিষয়টি দেখা সত্যিই খুব কঠিন এবং বেদনাদায়ক... আমি চাই তিনি আরও বেশি অভিযোগ প্রকাশ করুন, কারণ পরিস্থিতি ভালো নয়।'
তিনি জানান, ক্যানসার হাড় ও শরীরের অন্যান্য দূরবর্তী স্থানে ছড়িয়ে পড়েছে। এর ফলে জো বাইডেন প্রচণ্ড কষ্ট ও দুর্বলতার মধ্যে রয়েছেন। তবে শারীরিক এই প্রতিকূলতার মধ্যেও দেশের প্রতি গভীর বিশ্বাস থেকে তিনি এখনও সক্রিয় রয়েছেন বলে জানান হান্টার।
২০২৫ সালের মে মাসে জো বাইডেনের শরীরে আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। এরপর চিকিৎসার অংশ হিসেবে তিনি হরমোন থেরাপি ও রেডিয়েশন থেরাপি নেন।
বিবিসিকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে হান্টার বাইডেন তার বাবার প্রেসিডেন্ট মেয়াদের শেষ দিকে পাওয়া ক্ষমার বিষয়টিও তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ওই ক্ষমার কারণে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে করেন এবং বাবার সিদ্ধান্তের জন্য তিনি চিরকৃতজ্ঞ।
২০২৪ সালের ডিসেম্বরে জো বাইডেন একটি বিশেষ আদেশের মাধ্যমে ছেলে হান্টার বাইডেনকে সম্পূর্ণ ক্ষমা করেন। এর মধ্য দিয়ে ছেলেকে ক্ষমা না করার বিষয়ে আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেন তিনি।
এই ক্ষমার ফলে হান্টার বাইডেনের বিরুদ্ধে থাকা কেন্দ্রীয় আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির মামলায় দেওয়া অপরাধের রায় কার্যকর হওয়া থেকে বিরত থাকে।