
ইয়েমেনের লোহিত সাগরের বন্দরনগরী আল-মাখায় হুতি বিদ্রোহীদের নতুন দফার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) জানা গেছে, ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এটি ছিল হুতিদের দ্বিতীয় দফার হামলা।
দ্বিতীয় দফার হামলায় নিহত ৭
ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানায়, রোববার দ্বিতীয় দফায় চালানো এই হামলায় চারজন সামরিক সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১১টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সমুদ্রে গিয়ে পড়ে।
প্রথম দফায় নিহত ১১
এর আগে রোববার প্রথম দফার হামলায় আট সামরিক সদস্য ও তিন বেসামরিক নাগরিকসহ ১১ জন নিহত এবং ৩২ জন আহত হন। বাণিজ্যিক বন্দরসহ বেসামরিক স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র ও বসতবাড়িতে চালানো ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এ সময় সরকারি বাহিনী বিস্ফোরকভর্তি একটি চালকবিহীন নৌকাও ধ্বংস করে।
সৌদি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু
হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, সৌদি সৈন্য সমাবেশ ও অস্ত্রের ডিপো লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। হুতিদের দাবি, পশ্চিম উপকূল ও তাইজ প্রদেশে সৌদি সামরিক উপস্থিতি এবং শক্তি বৃদ্ধির জবাবেই তারা এই বড় ধরনের হামলা চালিয়েছে।
আল-খোখা পর্যন্ত ছড়িয়েছে সংঘাত
সংঘাতের এই ধারা শুধু আল-মাখায় সীমাবদ্ধ থাকেনি, বরং তা আল-খোখা এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। সেখানে আল-জুমহুরিয়া টেলিভিশনের বরাতে জানা গেছে, হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় হোদেইদাহর ইয়েমেন সরকার মনোনীত গভর্নর আল-হাসান তাহের অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
সূত্র: আল জাজিরা