
গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের জন্য স্পষ্ট ও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের দাবি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাপন্থী সংগঠন হামাস। একই সঙ্গে চুক্তির রূপরেখায় থাকা ১৫টি শর্ত দ্রুত এবং পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
চুক্তির শর্ত বাস্তবায়নে জোর
রোববার (৯ আগস্ট) এক বিবৃতিতে হামাস জানায়, যুক্তরাষ্ট্রের সমর্থনে হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসব শর্তের মধ্যে রয়েছে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, সীমান্ত খুলে দেওয়া, ত্রাণ ও আশ্রয় সামগ্রী প্রবেশের সুযোগ তৈরি এবং পুনর্গঠন কার্যক্রম শুরু করা।
দ্বিতীয় ধাপে জাতীয় কমিটি গঠনের দাবি
যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য একটি জাতীয় কমিটি গঠনেরও দাবি জানিয়েছে হামাস। জানানো হয়েছে, গাজা পরিচালনার দায়িত্বে এই কমিটি কাজ করবে।
হামাস বলেছে, গাজার মানুষের দুর্ভোগ বন্ধ করা এবং তাদের অধিকার ও স্বার্থ রক্ষার যেকোনো উদ্যোগে তারা ইতিবাচক ও দায়িত্বশীলভাবে অংশ নিতে প্রস্তুত।
ইসরায়েলের সঙ্গে মতপার্থক্য এখনো বহাল
তবে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিয়ে ইসরায়েলের সঙ্গে হামাসের মতপার্থক্য এখনো কাটেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে জানিয়েছিলেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া এবং তাদের সামরিক অবকাঠামো ধ্বংস না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।
ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও প্রস্তাবিত পরিকল্পনার বিরোধিতা করেছেন। তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।