
ভারতে থেমে যাওয়া দিল্লির যন্তর মন্তরের আন্দোলন আবারও শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দলীয় সভার জন্য হল ভাড়া না পাওয়ার ক্ষোভ থেকেই তিনি এ কথা বলেছেন।
দীপকের অভিযোগ, বুধবার (১২ আগস্ট) দলের সভার জন্য একটি হল খুঁজছিলেন তারা। তবে কোথাও হল পাননি। তার দাবি, ‘ওপর থেকে চাপ’ থাকার কারণেই কেউ হল ভাড়া দিতে রাজি হননি। এ প্রসঙ্গেই যন্তর মন্তরে আবার আন্দোলন শুরুর কথা বলেন তিনি।
দীপকে বলেন, ইনস্টাগ্রামে অনেকেই মন্তব্য করে জানতে চাইছেন, যন্তর মন্তর সিজন-টু কবে আসছে। তাদের আমি জানাতে চাই, খুব শিগগিরই যন্তর মন্তর সিজন টু আসছে।
বুধবার সভা আয়োজনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আজ দিল্লিতে তাদের স্বেচ্ছাসেবকদের একটি সভা করার পরিকল্পনা ছিল। এজন্য তারা একটি হল খুঁজছিলেন। কিন্তু কেউই তাদের হল ভাড়া দিতে রাজি হচ্ছিলেন না। সবাই বলছিলেন, ওপর থেকে চাপ আসছে।
দীপকে বলেন, ‘আমরা অনেক কষ্টে একটি হল পেয়েছিলাম। রসিদও আছে। কিন্তু আজ সকালে হলের মালিকদের হুমকি দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে যে, যদি তারা এখানে সিজেপি-র সভা হতে দেন, তাহলে তাদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে।’
দীপকের দাবি, এসবই বিজেপির সাজানো নাটক। তিনি বলেন, তাদের কার্যকলাপ ও কথাবার্তায় পরিষ্কার বোঝা যাচ্ছে, তারা দেশের যুবসমাজকে ভয় পায়। যদি তারা মনে করে, এ ধরনের তুচ্ছ কর্মকাণ্ডে তারা ভয় পেয়ে যাবেন, তাহলে তারা মারাত্মক ভুল করছে।
সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নয়াদিল্লির যন্তর মন্তরে বড় ধরনের ছাত্র আন্দোলন শুরু হয়। পরে আন্দোলন দীর্ঘায়িত হয়ে দেশজুড়ে রাজনৈতিক রূপ নেয়। বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন মহল থেকেও বক্তব্য আসে।
শেষ পর্যন্ত কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপরও আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মামলাগুলো নিয়ে বিতর্ক থামেনি।