
নেপালের সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ। সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এ সম্মানসূচক পদমর্যাদা প্রদান করেন।
ভারত ও নেপালের সেনাপ্রধানদের পরস্পরকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ হিসেবে জেনারেল শেঠকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে নেপালে অবস্থান করছেন জেনারেল শেঠ।
১৯৫০ সালে এই রীতি চালু হওয়ার পর থেকেই ভারত ও নেপাল পরস্পরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দিয়ে আসছে। সফরকালে জেনারেল শেঠ নেপালের সেনাপ্রধান জেনারেল সিগদেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সামরিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
নেপালের প্রেসিডেন্টের সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে দেশটির ভাইস প্রেসিডেন্ট রাম সাহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রোববার নেপালে পৌঁছান জেনারেল শেঠ।
ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় সেনাপ্রধানের এই সফরের মধ্য দিয়ে ভারত ও নেপালের দীর্ঘদিনের বিশেষ প্রতিরক্ষা সম্পর্ক নতুন করে সামনে এসেছে। অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং দুই দেশের সেনাবাহিনীর দীর্ঘদিনের সহযোগিতার ভিত্তিতে এ সম্পর্ক গড়ে উঠেছে বলে জানানো হয়েছে।
সফরকালে জেনারেল ধীরাজ শেঠ ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় নয়াদিল্লি ও কাঠমান্ডুর সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।
এদিকে সোমবার নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন জেনারেল শেঠ। নেপাল সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি গার্ড অব অনার গ্রহণ ও পরিদর্শন করেন।
নেপাল সেনাবাহিনী বলেছে, ‘জেনারেল ধীরাজ শেঠের এই সফর নেপাল ও ভারতের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।’
জেনারেল শেঠের সফরে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা প্রদান, সামরিক বৈঠক, কূটনৈতিক আলোচনা এবং সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তরসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে ভারত ও নেপালের চলমান প্রতিরক্ষা সম্পর্কের গভীরতা আবারও স্পষ্ট হয়েছে।