
আগামী ২০২৭ সালের ২ আগস্ট আকাশে দেখা যাবে বিরল ও দীর্ঘস্থায়ী এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সহজে যাতায়াতযোগ্য স্থলভাগ থেকে দৃশ্যমান হওয়ার বিবেচনায় ২১১৪ সাল পর্যন্ত এটিকেই সবচেয়ে দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ হিসেবে অভিহিত করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউরোনিউজ এ তথ্য জানিয়েছে।
এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব দেখা যাবে মিসরে। সেখানে মহাজাগতিক এই দৃশ্য স্থায়ী হবে মোট ৬ মিনিট ২৩ সেকেন্ড। তুলনায়, ২০২৬ সালের সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব ছিল মাত্র ২ মিনিট ১৮ সেকেন্ড।
তবে এই বিরল দৃশ্য দেখতে শুধু মিসরেই যেতে হবে না। পূর্ণগ্রাসের পথ ইউরোপের জিব্রাল্টার প্রণালি পেরিয়ে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে।
বিভিন্ন দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলে পূর্ণগ্রাসের স্থায়িত্ব হবে—
স্পেন: মারবেলায় ৩ মিনিট ২১ সেকেন্ড এবং কাডিজে ২ মিনিট ৫৬ সেকেন্ড। স্পেনের অধীন উত্তর আফ্রিকার উপকূলীয় অঞ্চল সেউতা ও মেলিয়ায় পূর্ণগ্রাস স্থায়ী হবে যথাক্রমে ৪ মিনিট ৪৯ সেকেন্ড ও ৪ মিনিট ৩৪ সেকেন্ড।
জিব্রাল্টার: ব্রিটিশ ওভারসিজ টেরিটরি জিব্রাল্টারে পূর্ণগ্রাস স্থায়ী হবে ৪ মিনিট ২৮ সেকেন্ড।
ইতালি: লামপেদুসায় পূর্ণগ্রাসের স্থায়িত্ব হবে ২ মিনিট ৫৬ সেকেন্ড।
মরক্কো: টাঙ্গিয়ারে পূর্ণগ্রাস থাকবে ৪ মিনিট ৫১ সেকেন্ড। এ ছাড়া তিউনিসিয়ার বিভিন্ন শহরও এই পূর্ণগ্রাসের পথের মধ্যে রয়েছে। এর মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী সাফাক্সে পূর্ণগ্রাস স্থায়ী হবে ২ মিনিট ৫৬ সেকেন্ড।
সৌদি আরব: জেদ্দায় পূর্ণগ্রাস দেখা যাবে ৫ মিনিট ৫৩ সেকেন্ড এবং পবিত্র মক্কায় ৫ মিনিট ১০ সেকেন্ড।
দীর্ঘস্থায়ী ও রোমাঞ্চকর এই সূর্যগ্রহণ দেখতে বিশ্বজুড়ে পর্যটকদের আগ্রহ ইতোমধ্যে ব্যাপকভাবে বেড়েছে। এর ফলে গ্রহণ দেখার উপযোগী অঞ্চলগুলোর অনেক হোটেল এরই মধ্যে বুক হয়ে গেছে। অবশিষ্ট আবাসনগুলোর ভাড়াও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
তীব্র গরমের কারণে যারা সংশয়ে রয়েছেন, তাদের জন্য রয়েছে স্বস্তির খবর। নাসার গ্রহণবিষয়ক বিজ্ঞানী কেলি কোরেকের মতে, পূর্ণগ্রাসের সময় হঠাৎ তাপমাত্রা কমে যেতে পারে। কোনো কোনো এলাকায় পারদ ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।
২০২৭ সালের পরও আরও বেশ কয়েকটি সূর্যগ্রহণ দেখার সুযোগ থাকবে। এর মধ্যে ২০২৮ সালের ২৬ জানুয়ারি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে। একই বছরের ২২ জুলাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে আরও একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।