
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলায় রানওয়ে ও কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে সিরিয়া ও তুরস্ক।
মার্কিন বিশেষ দূত টম ব্যারাক এ হামলাকে ‘অপ্রয়োজনীয় উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে।
পরিস্থিতি যাতে আরও জটিল না হয়, সে জন্য তুরস্ক, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে ভুল বোঝাবুঝি এবং অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে একটি সমন্বয় ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে ইসরায়েলের দাবি, আবু আল-দুহুর বিমানঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েনের সুযোগ দেওয়ার মাধ্যমে সিরিয়া একটি বিদ্যমান নিরাপত্তা সমঝোতা লঙ্ঘনের দিকে এগোচ্ছিল। তবে তুরস্ক ইসরায়েলের এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি।
অন্যদিকে, সিরিয়া তাদের ভূখণ্ডে ইসরায়েলি হামলাকে দেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে।