
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে ৭০ জনের বেশি যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু বলে জানা গেছে।
শুক্রবার (২১ আগস্ট) বিবিসির প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার পুলিশ মুখপাত্র আহমেদ রুফাই জানান, গোরোনি অঞ্চলের গোরাউ এলাকার কাছ থেকে দুর্ঘটনায় ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
জরুরি ব্যবস্থাপনা সংস্থার (NEMA) মুখপাত্র এজেকিয়েল মানজো জানান, জরুরি পরিষেবা ও নিরাপত্তা সংস্থাগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে।
রয়টার্সকে দেওয়া এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, শিশুরা ধান কাটার কাজে যাওয়ার জন্য খামার মালিক ও শ্রমিকদের সঙ্গে নৌকায় যাত্রা করেছিল। তিনি জানান, স্থানীয় একটি মসজিদের সামনে দাফনের আগে পাটি ও ঐতিহ্যবাহী কাপড়ে মোড়ানো ৫০টি মরদেহ রাখা অবস্থায় তিনি দেখেছেন।
নাইজেরিয়ায় দুর্বল সড়ক যোগাযোগব্যবস্থা ও সেতুর সংকটের কারণে গ্রামীণ এলাকার মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনে নৌপথের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। তবে অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় দেশটিতে প্রায়ই ভয়াবহ নৌদুর্ঘটনা ঘটে।
সূত্র: বিবিসি