
সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে তুরস্কগামী একটি কার্গো জাহাজ দখলে নিয়েছে জলদস্যুরা। ক্যামেরুনের পতাকাবাহী ‘লুতুফ’ নামের জাহাজটিতে থাকা ১০ নাবিকের মধ্যে অন্তত ছয়জন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।
সোমালিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটিতে তুরস্কের উদ্দেশে পাঠানো অস্ত্র, যোগাযোগ সরঞ্জাম ও স্যাটেলাইট প্রযুক্তি ছিল।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, সোমবার পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারাইয়া উপকূল থেকে প্রায় সাড়ে ৩ নটিক্যাল মাইল দূরে জাহাজটি দখল করা হয়। সংবেদনশীল তথ্যের বিষয় থাকায় ওই কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করতে চাননি।
জাহাজে ছয় ভারতীয় নাবিকের পাশাপাশি একজন তুর্কি ও একজন জর্জিয়ান নাগরিক ছিলেন। এছাড়া নিরাপত্তার দায়িত্বে ছিলেন দুই সার্বিয়ান নাগরিক।
ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আটজন জলদস্যু জাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার পর সেটিকে পুন্টল্যান্ডের দাঙ্গোরয়ো জেলার গারমাল এলাকার কাছাকাছি উপকূলের দিকে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, একই জলদস্যু চক্র গত ২৬ এপ্রিল ‘সোয়ার্ড’ নামের আরেকটি বাণিজ্যিক জাহাজও ছিনতাই করেছিল।
‘লুতুফ’ জাহাজে মোগাদিশুতে অবস্থিত একটি তুর্কি সামরিক প্রশিক্ষণকেন্দ্রের জন্য পাঠানো অস্ত্র ছাড়াও যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল। জাহাজটির মালিক ‘পোলার মুভমেন্ট শিপিং’ নামের একটি প্রতিষ্ঠান।
এ ঘটনায় এখন পর্যন্ত ভারত ও তুরস্কের কোনো সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।