
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে ভোরেই তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
গত মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশের পর শুক্রবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার ওই নির্দেশের বিরুদ্ধে আপিল করেছিল। আদালত অবশ্য সেই আপিল গ্রহণ করেনি।
আদালতের নির্দেশের পর ধারণা করা হয়েছিল, ইমরান খানকে কয়েক দিন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হতে পারে। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আগে সেখানে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে হাসপাতালের দিকে যাওয়ার একাধিক সড়ক বন্ধ করে দেওয়া হয়।
২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। এরপর ২০২৩ সালের ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার বিরুদ্ধে সরকারি তোশাখানায় জমা থাকা বিদেশিদের উপহারের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়।
পরবর্তী সময়ে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন কারাগারে থাকায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরেই ইমরান খানকে হাসপাতালে নেওয়ার দাবি জানিয়ে আসছিল পরিবারটি।
সূত্র: দ্য ডন