
মধ্যপ্রাচ্যে অন্তত সাত মাসের জন্য মোতায়েন করা হচ্ছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট। দীর্ঘ এই মিশনে রণতরীটির সঙ্গে প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সদস্যও অংশ নেবেন বলে জানিয়েছে সিএনএন।
শীর্ষ মার্কিন নৌ কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করবে। নৌবাহিনীর মাস্টার চিফ পেটি অফিসার জন পেরিম্যান জানান, রণতরীটিকে সাত মাসের বেশি সময় মধ্যপ্রাচ্যে অবস্থানের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। এমনকি এর কমান্ডিং অফিসার সদস্যদের আট মাসের মোতায়েন বিবেচনায় রেখে পরিকল্পনা করতে বলেছেন।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা আরেক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের দীর্ঘমেয়াদি মিশন নিয়ে নানা অভিযোগ ও বিতর্কের মধ্যেই থিওডোর রুজভেল্টকে পাঠানোর সিদ্ধান্ত এসেছে। আব্রাহাম লিংকন ২৫০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে না থেমে সমুদ্রে অবস্থান করেছিল।
এদিকে আব্রাহাম লিংকনের দীর্ঘ সময়ের মোতায়েনের কারণে রণতরীটির নাবিকদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদন সামনে এসেছে। সেখানে আত্মহত্যার চেষ্টার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে। ২০২৫ সালের নভেম্বর থেকে সমুদ্রে থাকা লিংকনের প্রায় ৫ হাজার নাবিকের জন্য আগামী সপ্তাহে থাইল্যান্ডের একটি বন্দরে যাত্রাবিরতির পরিকল্পনা রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকেই ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য আরব সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। পরবর্তী সময়ে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকর করার ক্ষেত্রেও এই মোতায়েন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।