
বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন নীতির আওতায় দক্ষিণ এশিয়া ও আফ্রিকার কয়েকটি উন্নয়নশীল দেশের নাগরিকরা আর আগের মতো এই ভিসা সুবিধা পাবেন না। এর ফলে বাংলাদেশি নাগরিকদের ভিজিট ভিসায় মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ কমে যাবে।
নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের জন্য সাধারণভাবে সিঙ্গেল এন্ট্রি ভিসাই প্রযোজ্য হবে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ যেসব দেশের নাগরিকদের ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা কার্যকর করেছে, তাদের তালিকাও প্রকাশ করেছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের প্রকাশিত ঘোষণায় জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে সব দেশের নাগরিককে ঢালাওভাবে Multiple Entry Visa (MEV) দেওয়ার আগের ব্যবস্থা আর থাকছে না।
তবে নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্য থাকলে মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ রাখা হয়েছে। এসব উদ্দেশ্যের মধ্যে রয়েছে ব্যবসায়িক ভ্রমণ, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজম।
ইমিগ্রেশন বিভাগের নতুন এই সিদ্ধান্ত মূলত ভিজিট ভিসা ও সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য। ফলে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিক কিংবা অন্য কোনো বিদেশি কর্মীর ওয়ার্ক পারমিট বা কর্মসংক্রান্ত ভিসার ওপর এই নীতির সরাসরি কোনো প্রভাব নেই।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন ভিসা নীতির বিষয়টি জানানো হয়েছে।