
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে অতিক্রম করে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে প্রাইম এয়ারের ফ্লাইট ৭৫৯৮ রানওয়ে থেকে ছিটকে গিয়ে মাটিতে থাকা কয়েকটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায় বলে জানান মিয়ামি-ডেড ফায়ার চিফ রে জাদাল্লাহ।
দুর্ঘটনার পর বিমানের ভেতরে আটকে পড়া পাইলট ও কো-পাইলটসহ আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে ৬০টির বেশি উদ্ধারকারী ইউনিট ও প্রায় ২০০ কর্মী কাজ করেন।
ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪ জানায়, বিমানটি পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে মিয়ামিতে এসেছিল। রানওয়ে অতিক্রমের সময় এর গতি ছিল ঘণ্টায় প্রায় ২০৭ কিলোমিটার।
দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল ৩২ বছরের পুরোনো বোয়িং ৭৬৭-৩০০ ফ্রেটার। ‘২১ এয়ার’ নামের একটি কার্গো এয়ারলাইন অ্যামাজনের হয়ে বিমানটি পরিচালনা করছিল।
অ্যামাজনের মুখপাত্র কেলি ন্যান্টেল ও ২১ এয়ার কর্তৃপক্ষ নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে। একই সঙ্গে তারা স্থানীয় প্রশাসন ও তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
ঘটনার কারণ জানতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত শুরু করেছে। সংস্থাটির সভাপতি জেনিফার হোমেনডির নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। বিমান নির্মাতা বোয়িং ও ২১ এয়ারও তদন্তে সহযোগিতার কথা জানিয়েছে।
এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে টেক্সাসের ট্রিনিটি বে-তে অ্যামাজন প্রাইম এয়ারের একই মডেলের একটি বোয়িং ৭৬৭-৩০০ বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানের তিন সদস্যের মৃত্যু হয়েছিল।
সূত্র: জাপান টাইমস, রয়টার্স