
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে পরিচালিত এক বিশেষ সামরিক ও গোয়েন্দা অভিযানে প্রায় ৩ টন ওজনের ডুবোযানটি জব্দ করা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
আইআরজিসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আটক ডুবোযানটি ‘ডাইভ-এলডি’ (Dive-LD) মডেলের একটি চালকবিহীন সাবমেরিন ড্রোন। প্রায় ৫ দশমিক ৮ মিটার দীর্ঘ এই ড্রোনটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ’। গভীর সমুদ্রে দীর্ঘ সময় স্বয়ংক্রিয়ভাবে নজরদারি ও বিভিন্ন অভিযান পরিচালনার উপযোগী করে এটি নকশা করা হয়েছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকালে তাদের নৌবাহিনীর বিশেষ প্রশিক্ষিত সদস্যরা হরমুজ প্রণালিতে অভিযান চালিয়ে মার্কিন বাহিনীর ওই অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন।
বিপ্লবী গার্ডের দাবি, অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত ডুবোযানটি ২০২৫ সালে মার্কিন নৌবাহিনীর বহরে যুক্ত করা হয়েছিল। বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির প্রবেশমুখে এটি নজরদারি কার্যক্রমে নিয়োজিত ছিল বলেও দাবি করেছে আইআরজিসি।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।