
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি অস্থায়ী অস্ত্র ও যুদ্ধের অবশিষ্ট বিস্ফোরক সংরক্ষণাগারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
বুধবার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সারমাদার কাছাকাছি উত্তর ইদলিবের গ্রামীণ এলাকার বুর্জ আল-নুমরা গ্রামে অস্ত্র, যুদ্ধের অবশিষ্ট গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি অস্থায়ী গুদামে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী ও জরুরি সেবাদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
তবে কী কারণে গুদামটিতে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ কোনো তদন্ত শুরু করেছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দীর্ঘদিনের যুদ্ধের কারণে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিপুল পরিমাণ অবিস্ফোরিত গোলাবারুদ, অস্ত্র ও যুদ্ধের অবশিষ্ট বিস্ফোরক ছড়িয়ে রয়েছে। এসব বিস্ফোরক প্রায়ই বেসামরিক মানুষের জন্য প্রাণঘাতী ঝুঁকি তৈরি করছে।
সর্বশেষ এই বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা