
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের মধ্যে একটি যৌথ নৌপথ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার ওমানের রাজধানী মাসকাটে এ বিষয়ে একটি চুক্তি সই হতে পারে। বৈঠকে উপসাগরীয় অঞ্চলের আটটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন বলে জানিয়েছে ইরান।
ভারতীয় সম্প্রচারমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, সোমবার আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মাসকাটে বৈঠকে বসবেন। সেখানে হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের মধ্যে যৌথ নৌপথ প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সই হবে। পরে বিষয়টি আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনকে (আইএমও) জানানো হবে।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে, সেসব দেশও বৈঠকে অংশ নেবে।
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও সামরিক হামলার বিষয়ে পেজেশকিয়ান বলেন, যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। সে কারণেই এখন ওয়াশিংটন অর্থনৈতিক চাপ প্রয়োগের পথ বেছে নিয়েছে। তবে এ চাপের কারণে ইরান তার অবস্থান থেকে সরে যাবে না।
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, ইরানের টিকে থাকা পুরোপুরি সমুদ্রপথের ওপর নির্ভরশীল নয়। তবে যুক্তরাষ্ট্র অবরোধ ও হামলা বন্ধ করলে ইরান হরমুজ প্রণালি আবার খুলে দেবে।
এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, সোমবার ওমানের আয়োজনে উপসাগরীয় অঞ্চলের আটটি দেশের অংশগ্রহণে একটি আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আঞ্চলিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ নৌপথ নির্ধারণে ইরান ও ওমানের আলোচনার ফলাফল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইরান বলছে, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করছে। তবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও সামরিক হস্তক্ষেপ অব্যাহত থাকলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
সোমবারের বৈঠকের বিষয়ে এখনো ওমানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। এর আগে গত সোমবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি জানিয়েছিলেন, হরমুজ প্রণালিতে ওমানের সঙ্গে নতুন একটি নৌ করিডোর তৈরির বিষয়ে কয়েক দিনের মধ্যেই চুক্তি হতে পারে। প্রস্তাবিত ওই করিডোরের প্রবেশ ও বের হওয়ার পথ ইরানের নিয়ন্ত্রণে থাকবে বলেও জানিয়েছিলেন তিনি।
সূত্র: আনাদোলু নিউজ