
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেন, বিমানঘাঁটির হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও অস্ত্রভান্ডার লক্ষ্য করে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের তীব্র বিমান হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে হুথিরা। গোষ্ঠীটির অভিযোগ, গত পাঁচ দিনে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে সৌদি যুদ্ধবিমান তিন শতাধিক বিমান হামলা চালিয়েছে।
এদিকে খামিস মুশাইত এলাকায় সাময়িক সতর্কতা জারি করেছিল সৌদি সিভিল ডিফেন্স। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার এবং অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
হুথিরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, সৌদি আরব ইয়েমেনে সামরিক অভিযান অব্যাহত রাখলে সৌদি ভূখণ্ডে তাদের হামলাও চলবে। নতুন করে হামলা হলে আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে গোষ্ঠীটি।
সম্প্রতি ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় সৌদি আরব বিমান হামলা জোরদার করেছে। এর পাল্টা হিসেবে হুথিরাও সৌদির দক্ষিণাঞ্চলীয় শহর ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
সূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সি