
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার সম্ভাবনার খবরে আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার তেলের দাম কিছুটা কমেছে। এর আগের দিন অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছিল।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৯৪ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ কমে ১০২ দশমিক ১৩ ডলারে নেমেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্সের দাম ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৯১ দশমিক ৫৬ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, মার্কিন চাপের কাছে তেহরান কখনো আত্মসমর্পণ করবে না। তবে পরে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, যুদ্ধ শেষ করার উপায় নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকলেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন।
এদিকে যুক্তরাষ্ট্রের ডিজেল রফতানি নিয়ে সম্ভাব্য বিধিনিষেধের বিষয়টিও জ্বালানি বাজারে আলোচনায় এসেছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ৯০ দিনের জন্য ডিজেল রফতানি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর দুপুরের লেনদেনে আল্ট্রা-লো-সালফার ডিজেল ফিউচার্সের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়। তবে হোয়াইট হাউস এ ধরনের পরিকল্পনার খবর অস্বীকার করেছে।
অন্যদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সচিব ক্রিস রাইট মঙ্গলবার তেল শিল্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। সেখানে মার্কিন ডিজেল রফতানিতে সম্ভাব্য নিষেধাজ্ঞার জন্য প্রস্তুত থাকতে তাদের বলা হয়েছে বলে সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যমটি।