
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার অবসানে সামরিক অভিযান অথবা চুক্তি—দুটি পথের একটিতে যুক্তরাষ্ট্রকে শিগগিরই যেতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে ‘উড়িয়ে’ দেওয়ার হুমকিও দিয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানবিষয়ক এক প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন। তাঁর বক্তব্যের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অথবা একটি চুক্তির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন তিনি।
ট্রাম্প বলেন, ‘হয়তো আপনাকে তাদের উড়িয়ে দিতে হবে। সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আমরা ওদের উড়িয়ে দিতে পারি, আবার চুক্তিও করতে পারি—সেই সময়টা ঘনিয়ে আসছে।’
সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, কোনো না কোনোভাবে এই পরিস্থিতির সমাপ্তি খুব শিগগিরই ঘটবে।
একই সময়ে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের বড় একটি অংশ পরিচালিত হয়। এর আগে হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধের মধ্যেও ট্রাম্প নৌপথটির নিয়ন্ত্রণ নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন।