
নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ হওয়া ৫৫ মালয়েশীয় নাগরিকের একজনের সন্ধান মিলেছে ৩৭ দিন পর। দীর্ঘ সময় পর ওই পর্যটককে জীবিত অবস্থায় পাওয়া গেছে। পরে নিরাপদে মালয়েশিয়ায় ফিরে গেছেন তিনি।
হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের কাছে হিমবাহ ধসে যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল, সেই দুর্যোগের পর থেকেই নিখোঁজ ছিলেন ওই মালয়েশীয় নাগরিক। শুক্রবার (২ অক্টোবর) ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ (মাসফি)-এর মুখপাত্র মনিভান্নান রেথিনাম এক বিবৃতিতে তার সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
দূতাবাসে গিয়ে নিজের নিরাপত্তার খবর দেন
মনিভান্নান রেথিনাম জানান, নেপালে অবস্থানরত ওই পর্যটক শেষ পর্যন্ত কাঠমান্ডুতে মালয়েশিয়ার দূতাবাসে গিয়ে নিজের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। ভয়াবহ দুর্যোগের ৩৭ দিন পর তাকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়ার ঘটনায় এখনো নিখোঁজ থাকা অন্য মালয়েশীয়দের স্বজনদের মধ্যেও কিছুটা স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
তিনি আরও জানান, গত ২৫ আগস্ট বিকাল ৩টা ২৬ মিনিটে, অর্থাৎ বন্যার এক দিন আগে, ওই পর্যটক নাগথালি ভিউপয়েন্টে অবস্থান করছিলেন বলে তাদের জানানো হয়েছিল।
দুর্যোগের পর স্থানীয় সড়ক ও সেতুগুলো ধ্বংস হয়ে যাওয়ায় ওই এলাকায় যোগাযোগব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে। পাশাপাশি বিদ্যুৎ ও খাবার পানির সংকট দেখা দেওয়ায় পর্যটকটি দুর্গম ওই এলাকায় আটকা পড়েছিলেন।
কম্পনের মাত্রা ছিল ৫.২ মাত্রার ভূমিকম্পের সমতুল্য
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপসংস্থার (ইউএসজিএস) বিশ্লেষণে বলা হয়েছে, লাংটাং লিরুং পর্বতে হিমবাহ ও বরফ ধসের ফলে যে কম্পন সৃষ্টি হয়েছিল, তার শক্তি ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের সমতুল্য ছিল।
এই প্রাকৃতিক দুর্যোগে নেপাল ও এর পার্শ্ববর্তী তিব্বত অঞ্চলে এক হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই ঘটনায় এখনো পাঁচ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
এর আগে গত ২৭ আগস্ট মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নেপালের বন্যার পর কাঠমান্ডুতে অবস্থিত মালয়েশীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ৫৫ নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
৩০টির বেশি দেশের নাগরিক এখনো নিখোঁজ
দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সঙ্গে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমও ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে।
নেপালের পর্যটন দপ্তরের ১৭ সেপ্টেম্বরের হালনাগাদ তথ্য অনুযায়ী, ভারত, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ ৩০টির বেশি দেশের নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের তালিকায় ১৮০ জনের বেশি ভারতীয়, ৬৫ জন মার্কিন নাগরিক, ৫৪ জন ইউক্রেনীয়, ৫৪ জন মালয়েশীয় এবং ৩৭ জন চীনা নাগরিক রয়েছেন।