
যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারে নিবন্ধিত ২ কোটির বেশি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাসিক স্বাস্থ্যবিমা প্রিমিয়ামের ব্যয় কিছুটা কমাতেই এই অর্থ দেওয়া হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে অর্থের এই সহায়তা দেওয়া হবে। মেডিকেয়ারের ‘ফি-ফর-সার্ভিস’ কর্মসূচির উন্নয়নে কংগ্রেস ওই তহবিলে ২ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
অক্টোবরের শুরুতেই মিলবে অর্থ
হোয়াইট হাউসের প্রকাশ করা পরিকল্পনার বিস্তারিত তথ্যে বলা হয়েছে, যোগ্য অধিকাংশ প্রবীণ নাগরিক অক্টোবরের শুরুতেই সরাসরি তাদের ব্যাংক হিসাবে ৯০ ডলার পাবেন।
যেসব সুবিধাভোগীর সরাসরি ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা নেই, তাদের কাছে চেকের মাধ্যমে অর্থ পৌঁছে দেওয়া হবে। অক্টোবরের শুরুতেই মেডিকেয়ারে নিবন্ধিত ঠিকানায় এসব চেক পাঠানোর কথা জানিয়েছে হোয়াইট হাউস।
মধ্যবর্তী নির্বাচনের আগে আর্থিক সুবিধার ঘোষণা
আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের পক্ষ থেকে এই অর্থ দেওয়ার ঘোষণা এলো। ওই নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার লক্ষ্যে কাজ করছে রিপাবলিকান পার্টি। বর্তমানে সিনেট ও প্রতিনিধি পরিষদ—কংগ্রেসের দুই কক্ষেই দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে দুই কক্ষেই ব্যবধান খুবই কম।
এদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জ্বালানি তেলের উচ্চ মূল্যের কারণে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে ভোটারদের জন্য একাধিক আর্থিক সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।
এর আগে গত মাসে তিনি বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে সব প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের চেক দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে এই প্রস্তাব নিয়ে অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের পাশাপাশি রিপাবলিকান দলের কয়েকজন আইনপ্রণেতাও সংশয় প্রকাশ করেছেন।
প্রায় ১০ লাখ মানুষকে ৫০০ ডলার দেওয়ার উদ্যোগ
ট্রাম্প প্রশাসন এর আগে আরও একটি আর্থিক সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় প্রায় ১০ লাখ মার্কিন নাগরিককে ৫০০ ডলার করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসনের ভাষ্য, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা আইন বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় স্বাস্থ্যবিমা নেওয়া ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হয়েছিল। সেই অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার অংশ হিসেবেই সংশ্লিষ্ট ব্যক্তিদের ৫০০ ডলার করে দেওয়া হচ্ছে।