
ইউক্রেনের জন্য ১ দশমিক ৩ বিলিয়ন ইউরোর বেশি মূল্যের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে জার্মানি। রোববার (৪ অক্টোবর) জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি জানান, নতুন প্যাকেজে সামরিক সরঞ্জাম ও অস্ত্রের পাশাপাশি শীত মৌসুমের আগে ইউক্রেনের জ্বালানি খাতকে সহায়তার বিষয়টিও রাখা হয়েছে।
তিনি বলেন, নতুন প্যাকেজে ইউক্রেনের এই মুহূর্তের প্রয়োজনীয় অস্ত্র রয়েছে। একই সঙ্গে শীত শুরুর আগেই জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা দেওয়া হবে। বৈঠকে আকাশ প্রতিরক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
জেলেনস্কি জানান, জার্মানি ও ইউক্রেনের মধ্যে মোট ১৫টি চুক্তি ও নথি সই হয়েছে। এসব চুক্তির বড় অংশ নিরাপত্তা সহযোগিতা, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও ক্রয়, জার্মান শিল্পপ্রতিষ্ঠানের জন্য অর্ডার এবং ইউক্রেনে যৌথ প্রকল্প বাস্তবায়নসংক্রান্ত।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সই হওয়া চুক্তিগুলোর সম্মিলিত আর্থিক মূল্য ৮ দশমিক ৫ বিলিয়ন ইউরোরও বেশি।
এ ছাড়া ড্রোন মোকাবিলায় দুই দেশের যৌথ কার্যক্রম আরও জোরদার করতে পৃথক একটি চুক্তি করার কথাও জানিয়েছেন তিনি।
রোববার সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। ইউক্রেন সফরে রওনা হওয়ার আগে তিনি বলেন, জার্মানির অবস্থান স্পষ্ট—‘আপনারা আমাদের ওপর নির্ভর করতে পারেন।’