.webp)
ইরানে অনুমোদন ছাড়া স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিচালনার অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। এ সময় নরওয়ের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও জানানো হয়েছে।
রোববার (৪ অক্টোবর) নরওয়ের রাষ্ট্রদূত পাল বিয়র্নেস্তাদকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন মহাপরিচালক মোহাম্মদ হাসাননেজাদ পিরকুহি। বৈঠকে রাষ্ট্রদূতের হাতে ইরানের পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়।
স্টারলিংককে ইরানের বিরুদ্ধে ব্যবহারের অভিযোগ
বৈঠকে পিরকুহি অভিযোগ করেন, ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক সেবা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড’ এগিয়ে নিতে পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে।
তার দাবি, ইরানের ভূখণ্ডে স্টারলিংকের অনুমোদনহীন কার্যক্রম বন্ধে নরওয়ের দায়িত্ব রয়েছে। কারণ, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে (আইটিইউ) স্টারলিংকের নিবন্ধনকারী রাষ্ট্র হিসেবে নরওয়ের ওপর এ বিষয়ে আইনি বাধ্যবাধকতা রয়েছে।
আইটিইউর সিদ্ধান্ত মানার আহ্বান
পিরকুহি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আইটিইউর রেডিও রেগুলেশনস বোর্ডের (আরআরবি) বিভিন্ন সিদ্ধান্তের আলোকে ইরানের ভূখণ্ডে স্টারলিংকের অনুমোদনহীন সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা নরওয়ে সরকারের।
ইরানের এই কর্মকর্তা আরও অভিযোগ করেন, স্টারলিংকের কার্যক্রম দেশটির জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করছে। এসব কার্যক্রম বন্ধে তেহরান একাধিকবার নরওয়ের প্রতি আহ্বান জানালেও দেশটি সেই অনুরোধ উপেক্ষা করেছে বলে দাবি করেন তিনি।