
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, আগের মার্কিন প্রেসিডেন্টদের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান সরকার ‘ম্যানিপুলেট’ বা কৌশলে প্রভাবিত করতে পারবে না।
আল জাজিরাকে দেওয়া বক্তব্যে ওই কর্মকর্তা বলেন, ইরানের অর্থনীতি ধসে পড়ায় দেশটির পতন এখন ‘নিজস্ব গতিতে’ এগোচ্ছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতি নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। তার দাবি, যুক্তরাষ্ট্র বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, হরমুজ প্রণালি এখন উন্মুক্ত রয়েছে। প্রণালিতে থাকা সামুদ্রিক মাইনগুলো হয় সরিয়ে ফেলা হয়েছে, নয়তো বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের পাহারায় পরিবহন করা হচ্ছে। তবে হরমুজ দিয়ে তেল পরিবহনের সুনির্দিষ্ট পরিমাণ স্বাধীনভাবে যাচাই করা কঠিন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বৈশ্বিক তেল ও গ্যাসের বড় একটি অংশ পরিবহন হয়। চলমান সংঘাতের কারণে প্রণালিটির নিরাপত্তা ও তেল সরবরাহ নিয়ে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।