
তিন ঘণ্টার ব্যবধানে পূর্ব জাপানের চিবা ও ইবারাকি প্রিফেকচারে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত অনুভূত এসব কম্পনে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প দুটির পর সুনামির আশঙ্কাও নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।
জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির (জেএমএ) বরাত দিয়ে কিয়োডো নিউজ জানায়, প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৪টা ১৩ মিনিটে চিবা প্রিফেকচারের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।
জাপানের সাত স্তরবিশিষ্ট ভূমিকম্পের তীব্রতা স্কেলে চিবার আসাহি শহরে কম্পনের মাত্রা ৪ রেকর্ড করা হয়। পাশের ইবারাকি প্রিফেকচারসহ আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়।
এর প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে ইবারাকি প্রিফেকচারে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। জেএমএ জানিয়েছে, এর মাত্রা ছিল ৪ দশমিক ০ এবং উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৬০ কিলোমিটার গভীরে। হিতাচিওমিয়া শহরে ভূমিকম্পটির তীব্রতা ৩ রেকর্ড করা হয়।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দুটি ভূমিকম্পের কোনোটিই সুনামি সৃষ্টি করেনি। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত জাপানে নিয়মিত ভূমিকম্প অনুভূত হয়। সাম্প্রতিক সময়েও পূর্ব জাপানে একাধিক ভূমিকম্প হয়েছে। গত ১ অক্টোবর উত্তর-পূর্ব চিবায় ৫ দশমিক ১ এবং ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২৩ আগস্ট একই অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে টোকিওতে অন্তত ৪০ জন আহত হন।