-6ac7203079fde.webp)
রাজধানীতে মাদক, জাল রেভিনিউ স্ট্যাম্প ও ভেজাল ওষুধবিরোধীসহ বিভিন্ন অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে ৫৩টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য, জাল স্ট্যাম্প, নগদ টাকা ও ভেজাল ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৬৭, ওয়ারীতে ৭৫, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৭৩, মিরপুরে ১০২, গুলশানে ৫২ এবং উত্তরা বিভাগে ৬৩ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একজনকে গ্রেফতার করেছে।
অভিযানে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২ দশমিক ৬ গ্রাম হেরোইন ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা।
এ ছাড়া ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু, ৫ কেজি সাদা পাউডার, হাইজিন ওয়াশের ১৫০টি খালি মোড়ক ও বোতল, লেবেলবিহীন সিরাপের ৩০০টি বোতল, ক্যাপসুল সেল ভরার মেশিন, ছয়টি যন্ত্রাংশ এবং লেবেল লাগানোর দুটি ছাঁচ।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।