
দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় সমুদ্রে দায়িত্ব পালনের পর যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো বন্দরে ফিরেছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজ ঘাঁটিতে পৌঁছায় রণতরীটি। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময়ের মোতায়েন শেষে ফেরার পথে জাহাজটির মোট দায়িত্ব পালনের মেয়াদ দাঁড়ায় ৩২২ দিনে। এর মধ্যে একটানা ২৬৫ দিন কোনো বন্দরে না থেমে সমুদ্রে অবস্থান করেন এর নাবিকেরা, যা রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।
সাধারণ পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর একটি রণতরীর মোতায়েন ছয় থেকে সাত মাস স্থায়ী হয়। এ সময় নিয়মিত বিরতিতে বিভিন্ন বন্দরে থামার সুযোগও থাকে। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়া আব্রাহাম লিংকনের চলতি বছরের মে মাসে ফিরে আসার কথা ছিল। তবে ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হলে রণতরীটির দায়িত্ব পালনের সময়সীমা বাড়ানো হয়।
মোতায়েনের শেষ পর্যায়ে থাইল্যান্ড ও গুয়ামে সংক্ষিপ্ত বিরতি নেয় জাহাজটি। পরে ইউএসএস জর্জ ওয়াশিংটন এসে এর দায়িত্ব বুঝে নিলে আব্রাহাম লিংকন ক্যালিফোর্নিয়ার উদ্দেশে যাত্রা করে। সব মিলিয়ে ৩২২ দিনের মোতায়েন শেষে এটি নিজ ঘাঁটিতে ফিরল।
রসদ ও নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ
দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে জাহাজের অভ্যন্তরীণ পরিবেশ এবং নাবিকদের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে তাঁদের পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দেয়। জাহাজে থাকা প্রায় পাঁচ হাজার সেনাসদস্যের জন্য রসদের ঘাটতি, পানিদূষণ এবং মানসিক স্বাস্থ্যের অবনতির মতো বিভিন্ন সমস্যার অভিযোগও সামনে আসে।
গত মাসে মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও সিনেটর কার্সটেন গিলিব্র্যান্ডকে পাঠানো এক চিঠিতে জানান, রণতরীটির এই মোতায়েন শুরুর পর থেকে ক্রুদের মধ্যে আটজন আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ দায়িত্ব পালনকে প্রয়োজনীয় বলে উল্লেখ করেছিলেন।
দেশে ফিরে আবেগঘন অভ্যর্থনা
দীর্ঘ ও প্রতিকূল দায়িত্ব পালনের পর বৃহস্পতিবার সান ডিয়েগো উপকূলে পৌঁছালে আব্রাহাম লিংকনের নাবিকদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাঁদের স্বাগত জানাতে বন্দরে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও প্রিয়জনেরা। দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে আসার মুহূর্তে নাবিকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
মার্কিন নৌবাহিনী জানিয়েছে, বিমান শাখার সদস্যদেরসহ ১২২ জন নাবিক এই প্রথমবারের মতো নিজেদের নবজাতক সন্তানকে সরাসরি দেখার সুযোগ পেয়েছেন। এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রণতরীটিতে গিয়ে ক্রুদের হাতে ‘প্রেসিডেন্সিয়াল ইউনিট সাইটেশন’ তুলে দেন।
দীর্ঘ মোতায়েন, প্রতিকূল পরিস্থিতি এবং নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের পর আব্রাহাম লিংকনের প্রত্যাবর্তন তাঁদের পরিবারগুলোর জন্য স্বস্তি নিয়ে এসেছে।